
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও তাঁর সহযোগী মো. সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম (৪ কেজি ৩৩০ গ্রাম) হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর (কবিরাজপাড়া) গ্রামের বিশারত আলীর ছেলে। তিনি বর্তমানে তেররশিয়া (মোকশেদ মন্ডলপাড়া) এলাকায় বসবাস করেন। অপর আসামি সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা ওই মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানার মামলা নম্বর ৩৯/৪২৬।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সিরাজগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।