
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও প্রচার সম্পাদক রেজাউল করিম খান।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আন্দোলন-সংগ্রামে সমৃদ্ধ। মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপির ভূমিকা রয়েছে।”
তিনি বলেন, গত ১৫ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। হামলার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দল-মত-নির্বিশেষে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
বাচ্চু আরও বলেন, “সঠিক তদন্ত না হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব।” ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বিএনপির পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তার করেছে কি না, দলের নিজস্ব তদন্তেও তা খতিয়ে দেখা হবে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
সমাবেশে রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি, রায়গঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।