
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বআমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে নয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় গত রোববার রাত ১১টা দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলীর আলোচিত সন্ত্রাসী আবুল কালাম আজাদ ওরফে নয়ার অবস্থান শনাক্ত করা হয়।
পরে র্যাবের সহায়তায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
আমতলী থানা পুলিশ জানিয়েছে আবুল কালাম আজাদ ওরফে নয়া, হত্যা, চাঁদাবাজিসহ মোট আটটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তার গ্রেপ্তারের খবরে আমতলীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আরও ইতিবাচক প্রভাব পড়বে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।