
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ ব্যবহার করে চিপস উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ভেজাল চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার হাসিল বটতলা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় মোড়কীকরণ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া বাংলা চিপস তৈরিতে অননুমোদিত ভেজাল রং ও শিল্পকারখানায় ব্যবহৃত (ইন্ডাস্ট্রিয়াল) লবণ ব্যবহার করা হচ্ছিল।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৭০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা ভেজাল চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান জানান।