
রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব সিকদার দপদপিয়া এলাকার আমির আলী শিকদারের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বরিশাল-পটুয়াখালী মহাসড়কসংলগ্ন দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায়। আসামির নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে নলছিটি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।