
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামে দুই ব্যক্তির গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আজ বুধবার সকালে ক্ষতিগ্রস্তদের একজন আমিনুল ইসলাম সরকার। তিনি পেশায় ব্যবসায়ী। আমিনুল বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে গরুগুলো বেঁধে রেখে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, একটি ষাঁড় গরু, একটি বাছুর ও একটি গর্ভবতী গাভী নেই। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
অপর ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক সরকার ব্র্যাকের কর্মী। তিনি বলেন, তাঁর গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি হয়েছে। গরু দুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরিবারের সঞ্চয়ের অর্থ দিয়ে গরুগুলো লালন-পালন করেছিলেন। এক রাতের ব্যবধানে গরুগুলো হারিয়ে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়েছে বলে তাঁদের অভিযোগ। এতে খামারি ও গবাদিপশু পালনকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।