
মেহেদী হাসান রিপন, যশোর প্রতিনিধিঃ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্ধারিত সময় পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান টুকুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফকির শওকত পেয়েছেন ৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন নূর ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন শহিদ জয়, রফিকুল ইসলাম, গালিব হাসান পিন্টু, মুর্শিদুল আজিম হিরু, এস এম সোহেল ও তৌহিদ জামান।
নির্বাহী সদস্য পদে শহিদ জয় সর্বোচ্চ ৯৬ ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম পেয়েছেন ৯২, গালিব হাসান পিন্টু ৮০, মুর্শিদুল আজিম হিরু ৮০, এস এম সোহেল ৬২ এবং তৌহিদ জামান ৫৯ ভোট। অপর প্রার্থীদের মধ্যে শফিক সায়ীদ পেয়েছেন ৫৪ এবং আব্দুল ওয়াহাব মুকুল পেয়েছেন ৪৮ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত সব প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাচনে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা। সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাব যশোরের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় ভূমিকা রাখবে।