
অনলাইন ডেস্ক
ঘুমের মধ্যে ছোট শিশুদের মুখ থেকে লালা পড়া খুবই পরিচিত ঘটনা। কিন্তু বয়স বাড়ার পরও যদি নিয়মিত ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কারণ, অতিরিক্ত লালা ঝরা কখনো কখনো শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের ঘুমের মধ্যে দীর্ঘদিন ধরে লালা ঝরার সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যার সম্পর্ক থাকতে পারে। নাক বা মুখের অ্যালার্জি, অতিরিক্ত অ্যাসিডিটি কিংবা মুখের সংক্রমণও এর কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে এটি স্নায়বিক সমস্যার সঙ্গেও সম্পর্কিত হতে পারে। এমনকি স্ট্রোকের রোগীদের মধ্যেও এ ধরনের উপসর্গ দেখা যেতে পারে।
যেসব কারণে মুখ থেকে লালা ঝরে
১. নাক কিংবা মুখে অ্যালার্জি দেখা দিলে মুখ থেকে অনবরত লালা পড়তে পারে।
২. ঘুমের সমস্যা থাকলেও মুখের পেশি আলগা হয়ে লালা বেরুতে পারে।
৩. সাইনাসের সমস্যা থাকলে ঘুমের সময় মুখ থেকে লালা পড়ে।
৪. অতিরিক্ত গ্যাস বা পেটে অ্যাসিডের সমস্যায় অতিরিক্ত লালা ঝরার সম্ভাবনা থাকে।
৫. মুখের সংক্রমণেও অজান্তে মুখ থেকে লালা ঝরতে পারে।
৬. সেরিব্রাল পালসি শিশুদের মুখ থেকে লালা ঝরার অন্যতম একটি কারণ। এটি একটি স্নায়ুবিক রোগ।
প্রতিকারের উপায়
বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় মুখের লালা পড়া কমাতে মসলাদার খাবার কম খাওয়ার অভ্যাস করুন। এতে অন্ত্রের সমস্যা কমবে। পরোক্ষভাবে লালা ঝরার সম্ভাবনা কমবে।
এছাড়া ঘুমনোর সময় মাথা উঁচু বালিশে রাখুন। এতে সাময়িক মুক্তি মিলতে পারে। প্রতিদিনের পর্যাপ্ত ঘুম শরীরের চক্র বজায় রাখে। ফলে লালা পড়ার সমস্যা কমে।
তারা আরও বলেন, লালা ঝরা কমাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। মুখের স্বাস্থ্য সুস্থ রাখলে এই ধরনের সমস্যা হয় না। যদি ঘুমের সময় অস্বাভাবিক লালা ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে বিশেষ যন্ত্র ব্যবহার করে লালা পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সূত্র: সংবাদ প্রতিদিন