
সিরাজগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত চারদিন ধরে বাড়ছে। তবে পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে উল্লেখ করে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংস্থাটি বলছে, আরও চার থেকে পাঁচ দিন পানি বাড়তে পারে, তবে তা বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি ১১ দশমিক ৮০ মিটার উচ্চতায় রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগের তিন দিনে এ পয়েন্টে পানি বেড়েছে যথাক্রমে ৭, ৫ ও ৬ সেন্টিমিটার।
অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার। সেখানে যমুনার পানি বিপৎসীমার ১ দশমিক ৫৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে আগের তিন দিনে পানি বেড়েছে যথাক্রমে ৭, ৪ ও ৭ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গত জুন মাস থেকেই পানি কখনো বাড়ছে, কখনো কমছে। বেশ কিছুদিন পানি কমে যাওয়ার পর গত চারদিন ধরে ধীরগতিতে যমুনার পানি বাড়ছে। আরও চার থেকে পাঁচ দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপৎসীমা অতিক্রম কিংবা বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।