
মো.সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
অভিযানে ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে জব্দ করা মাদকদ্রব্য উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।