
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। কলেজটি সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত সম্মতিপত্র কলেজের ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষের কাছে হস্তান্তর করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
সম্মতিপত্র হস্তান্তর অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। সংশ্লিষ্টরা আশা করছেন, কলেজটি সরকারি হলে রায়গঞ্জ ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী শিক্ষার্থী স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। একই সঙ্গে নারী শিক্ষার প্রসারেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা—এই তিন এলাকার সার্বিক ও সমন্বিত উন্নয়নে বৈষম্য না রেখে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এমপি ভিপি আয়নুল হক। বিশেষ করে শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি ও সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় রায়গঞ্জ সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, তাড়াশ ডিগ্রি কলেজ, তাড়াশ মহিলা কলেজ এবং সলঙ্গা ডিগ্রি কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব উদ্যোগের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
এমপি ভিপি আয়নুল হকের পরিকল্পনা অনুযায়ী রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো উপজেলা, ইউনিয়ন বা জনগোষ্ঠী যেন উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে না থাকে—এ বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়াকে এই সমন্বিত উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কলেজটি সরকারি হলে এলাকার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার ব্যয়ও অনেকের নাগালের মধ্যে আসবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধানগড়া মহিলা ডিগ্রি কলেজসহ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারিকরণের উদ্যোগ বাস্তবায়িত হলে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গায় শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ভিপি আয়নুল হকের উদ্যোগে একে একে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এলাকার উন্নয়ন কার্যক্রম—যার অন্যতম লক্ষ্য বৈষম্যহীন, ভারসাম্যপূর্ণ ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা।