
দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালায়।
অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মেনাজুল ইসলাম (২৪), বনি আমিন (২০) এবং নিশাত রেজা (২৭)। তাদের সবার বাড়ি আদাচাকী গ্রামে, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। এছাড়া জুয়ার সাইটে অর্থ সরবরাহের জন্য তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১২ জানায়, অভিযানে জব্দ করা চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।