
নিজস্ব প্রতিনিধিঃ
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাঝপাড়া ৬ গম্বুজ মসজিদ মোড় থেকে বালিগ্রাম ও আশপাশের এলাকায় পৌরসভার ‘টিম-০৮’-এর উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ফগার মেশিন দিয়ে বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি ড্রেন, জঙ্গল ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, যুবসমাজ ও স্কাউট দলের সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন টিম-০৮-এর টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌরসভার স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, শাহিন কাদিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়।
পৌরসভার সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, নাগরিকদের সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। তাই পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।