
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। রোববার (৯ আগস্ট) ভোরে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল (১৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১২ সদর কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে সলঙ্গা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোস্তাক আহমেদকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন। পরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তা ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র্যাবের দাবি।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।