
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) অভিযান চালিয়ে উপজেলার ক্ষিরতলা ও হাট পাঙ্গাসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ থানার জিআর নং-১৬৭/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ক্ষিরতলা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম লেবু সেখ এবং তার স্ত্রী মোছা. আশা পারভীন। অপরদিকে জিআর নং-৬৯/২৪ (সিরাজগঞ্জ), জিআর নং-১৩৪/২৩ (রায়গঞ্জ) ও জিআর নং-৫৪/২৩ (রায়গঞ্জ) মামলার আসামি হাট পাঙ্গাসী গ্রামের মৃত আজমলের ছেলে মো. হাসান সরকার ওরফে লাদেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট থাকায় নিয়মিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান চালানো হয়। পরে তাদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।