
ন্যাশনাল ডেস্ক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘১৭ বছর লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছি। পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটি গণঅভ্যুত্থানের চিন্তা করেন। আপনারা হিসাব করে দেখেন, আজকে যদি বিএনপি না থাকে; তাহলে জামায়াত-এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আওয়ামী লীগ গিলে খেয়ে ফেলবে।’
শনিবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে এমপি বাবুল বলেন, ‘সতেরো বছর গুম, খুন, হাজারো মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি। এখন যারা বিএনপিকে ভয় দেখান, তারা নেহাতই বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা যারা সাগরশয্যায় বসবাস করেন, তাদের শিশির কণার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’
তিনি বলেন, ‘বিএনপির উদারতাকে যারা দুর্বলতা মনে করছেন, তারা বোকার রাজ্যে বসবাস করছেন।’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে মো. শহিদুল ইসলাম বলেন, ‘জামায়াত-এনসিপিকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি বিএনপিকে দুর্বল করতে চান; তাহলে আপনারাই মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু বিএনপির কিছুই হবে না।’
উপজেলা বিএনপি নেতা মো. আরমান আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর। উপজেলা বিএনপির প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা ও সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা।
সমাবেশে উপজেলা বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মো. শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, আ. কাদের মাস্টার, যুবদল নেতা আ. ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা ও আরামনি মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।