
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
চলতি বছরের ৭ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড সাফল্য অর্জন করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৌণে দুই কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। যেটা ছিল এ যাবতকালের সেরা।
সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনে জরিমানা আদায়ে এই রেকর্ড অর্জন হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম জানান, বিগত ৭ মাসে ট্রাফিক আইন লঙ্ঘন ও কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ী বের করার অপরাধে ৩ হাজার ২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।
তিনি বলেন, “জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত মোটরসাইকেল টিম পাঠিয়ে সড়ক স্বাভাবিক রাখা হয়। তীব্র গরম সত্ত্বেও আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে নিরলসভাবে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন, যেন মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে।”
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সড়কে তাৎক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোল টিমগুলো নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও সমস্যা সৃষ্টি হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য।