1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দেশে ফেরার পথ প্রশস্ত করতে বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে দিল্লি- এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

 

 

 

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, যেভাবে শেখ হাসিনাকে সামরিক বাহিনী ভারতে নিয়ে গিয়েছিল, সেভাবেই তাদের মাধ্যমে তাকে ফিরিয়ে দিতে চায় দিল্লি। তবে দেশে ফেরার আগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচার শুরুর নিশ্চয়তাও চায় ভারত।

 

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি– দুপক্ষই এ ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ভারতে অবস্থান ক্রমেই দেশটির সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও সমালোচনার মুখে পড়ছে দিল্লি। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

 

এ পরিস্থিতিতে ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সে চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

 

 

 

 

দিল্লির নীতি-নির্ধারকদের বরাতে বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই।

 

 

ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেশনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল। দুপক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

 

 

প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখার কারণ

 

 

বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায়। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি।

 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধু হিসেবে দেখে ভারত। ফলে তাকে বন্দি হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে চায় না দিল্লি।

 

 

ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু– তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে– তা কল্পনারও অতীত।

 

 

এ ধরনের পদক্ষেপ নিলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। তারা ভবিষ্যতে ভারতকে আর আস্থায় নিতে চাইবেন না।

 

 

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত

 

 

বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে। প্রথমত, যেভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে এসেছিলেন, সেভাবেই তাকে ফিরিয়ে নিতে হবে।

 

 

এ ক্ষেত্রে বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দেশটির সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

 

 

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, সে নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

 

 

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিষয়টি বিবেচিত হোক, তা চায় না ভারত। এ কারণে প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি।

 

 

এ বিষয়ে বিবিসি বাংলাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’

 

 

শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে হোক, সেটিও ভারত নিশ্চিত করতে চাইবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এসব শর্ত পূরণের মাধ্যমে তার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি।

 

 

প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা

 

 

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

 

এ বিষয়ে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র বিবিসিকে বলেছিল, ‘বাংলাদেশে আমাদের হাইকমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনো কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’

 

 

সূত্রটির ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ বৈঠক হয়ে থাকতে পারে।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই থেকে আড়াই বছরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেসহ তার পূর্বসূরিরা বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

 

 

এই সম্পর্ককে কাজে লাগিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় চায় ভারত। একই সঙ্গে বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তার দায়িত্ব দেশটির সেনাবাহিনী নিক, সেটিও দিল্লির প্রত্যাশা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

ডিসেম্বরে দেশে ফেরা কতটা সম্ভব

 

 

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দিল্লির কর্মকর্তাদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে।

 

 

দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।

 

 

ভারতীয় কর্মকর্তাদের মতে, ‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ – বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।’

 

 

এ ছাড়া প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের শর্তগুলো পূরণ, দুই দেশের মধ্যে সমঝোতা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব বিষয় সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।

 

 

ফলে দিল্লির পর্যবেক্ষকের অভিমত অনুযায়ী বিবিসি বাংলা বলছে, অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

 

 

ভারতের লাভ-ক্ষতি কোথায়?

 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে ভারত শুরু থেকেই জানত। তারপরও দিল্লির সম্মতি নিয়েই তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

 

 

এ বিষয়ে ভারতের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন– কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি, বলছেন দিল্লিতে সাউথ ব্লকের এক কর্মকর্তা।’

 

 

এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বলে মনে করছে দিল্লি। ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণার সেটাও একটা ইতিবাচক দিক বলে দিল্লি মনে করছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলেও তার অবস্থানকে যৌক্তিক হিসেবে তুলে ধরার জন্য এই প্রত্যাবর্তনের ঘোষণা দিল্লিকে বাড়তি যুক্তি দেবে বলে মনে করছে ভারতীয় কর্মকর্তারা।

 

 

সূত্র: দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com