
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২২তম ফুটবল টুর্নামেন্ট। দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনালে নাটোর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর ফুটবল একাদশ। খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ক্ষিরতলা এলাকার বুরুজ মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। দিনভর খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বুরুজ মাঠ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী। তিনি টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান তালুকদার পাপন, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী খন্দকার এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন, ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো।
দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় দিনাজপুর ফুটবল একাদশ ও নাটোর ফুটবল একাদশ। খেলায় শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে নাটোর ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয় দিনাজপুর ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বিজয়ী দিনাজপুর ফুটবল একাদশের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ নাটোর ফুটবল একাদশের হাতে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবসমাজের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।