
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রয়াত চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নে তিনি ছোট ভাই হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, মান্নান তালুকদারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর স্বপ্ন ও অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমাদের মান্নান ভাই আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর ছোট ভাই বেঁচে আছে। আমি যদি তাঁর রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়ন করতে না পারি, তাহলে নিজের বিবেকের কাছেই ঋণী হয়ে থাকব। তিনি যে স্বপ্ন দেখেছেন এবং যেসব কাজ অসমাপ্ত রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সিরাজগঞ্জের মানুষ ও দেশের মানুষের সম্মান রক্ষা করতে পারি।”
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ খাত। এ কারণে সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হয়। এটি সম্পূর্ণ যান্ত্রিক একটি খাত হওয়ায় যেকোনো সময় যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
রায়গঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে পাঙ্গাসী সড়কের কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদী। দেশে দীর্ঘদিন নতুন গ্যাসক্ষেত্র উন্নয়নে কার্যকর উদ্যোগ না থাকায় গ্যাস সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেলে রায়গঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।
বর্তমান সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং স্থানীয় জনগণের উদ্দেশে টুকু বলেন, রায়গঞ্জের উন্নয়নের যেকোনো প্রয়োজনে তাঁকে পাশে পাওয়া যাবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিত মান্নান তালুকদার লেলিন।
সভায় বক্তারা প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং রায়গঞ্জসহ বৃহত্তর এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।