
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে তিনজন সুবিধাভোগী ভিক্ষুকের হাতে টং দোকান তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, নারীদের জন্য সেলাই মেশিন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় তিনজনকে একটি করে টং দোকান দেওয়া হয়। এ ছাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য ভেন্ডিং মেশিনও দেওয়া হয়।
এর আগে প্রতিমন্ত্রী গাড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরে সেখানে বৃক্ষরোপণ এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চেয়ার, বেঞ্চ ও ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতাও বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।