
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার বিভিন্ন আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংযোগস্থলে চুরি প্রতিরোধে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে প্রতিদিন রাতে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে গরু চুরি প্রতিরোধে রায়গঞ্জ ও সলঙ্গা থানার বিভিন্ন সড়কে রাতভর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশকল পদ্ধতিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও চলাচলকারীদের ওপর নজর রাখা হচ্ছে।
এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, পুলিশ সুপার, সিরাজগঞ্জের উদ্ভাবিত ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে প্রতি রাতেই গরু চুরি প্রতিরোধে সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ কার্যক্রমে পুলিশ সুপার নিজেও গভীর রাতে সরাসরি সংযুক্ত থেকে কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।
তিনি বলেন, থানায় সীমিত অফিসার-ফোর্স থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রায়গঞ্জ ও সলঙ্গা থানার রাত্রীকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, চুরি প্রতিরোধে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক এলাকার নাগরিকদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার নাগরিকদের ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাত্রীকালীন চুরি, বিশেষ করে গরু চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।