
অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেছেন গেরুয়া পোশাক পরা একদল ব্যক্তি। এ সময় তারা পত্রিকাটির সাদা ভবনের দেয়ালের কয়েকটি অংশে গেরুয়া রং লাগান এবং বিভিন্ন স্লোগান দেন। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আনন্দবাজার পত্রিকায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জেরে এই ঘটনা ঘটল।
প্রতিবাদকারীরা কার্যালয়ের সামনে ‘আনন্দবাজার পত্রিকা হায় হায়’ এবং ‘গেরুয়ার অপমান হিন্দুস্তান সহ্য করবে না’ এ ধরনের স্লোগান দেন। কয়েক ঘণ্টা পর পত্রিকা কর্তৃপক্ষ ভবনের দেয়ালগুলো আগের রঙে পুনরায় রাঙিয়ে দেয়।
এর আগে ওই প্রতিবেদনকে কেন্দ্র করে পত্রিকাটির সম্পাদকীয় দলের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। এতে দুই জ্যেষ্ঠ সাংবাদিকসহ সম্পাদকীয় দলের সদস্যদের নাম রয়েছে। সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যম সংগঠন এফআইআরের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগও দায়ের হয়নি। এ বিষয়ে পুলিশও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা ভবনের দেয়ালে রং করছেন এবং স্লোগান দিচ্ছেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে কলকাতায় সাংবাদিক সমাজে ক্ষোভ বিরাজ করছে।
সূত্র: দ্য হিন্দু