
খ ম জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সার কারখানা প্রাঙ্গণে আজও সংরক্ষিত রয়েছে একটি জীপ গাড়ি। গাড়িটি বহন করছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি।
তৎকালীন সময়ে দেশের কৃষিনির্ভর অর্থনীতিতে সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং সার উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আশুগঞ্জে সার কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন ও এর কার্যক্রমের অগ্রগতি দেখতে জিয়াউর রহমান আশুগঞ্জে আগমন করেন।
এদিকে, ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জিয়াউর রহমানের উদ্যোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচি পরিচালিত হয়। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরেও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোনারামপুরে খননকাজের অগ্রগতি ও খাল পরিদর্শনের সময় জিয়াউর রহমান যে জীপ গাড়িটি ব্যবহার করেছিলেন বলে জানা যায়, সেটিই বর্তমানে আশুগঞ্জ সার কারখানা প্রাঙ্গণে সংরক্ষিত রয়েছে। সময়ের ব্যবধানে গাড়িটি এখন একটি ঐতিহাসিক স্মারক হিসেবে পরিচিতি পেয়েছে।
শুধু একটি যানবাহন নয়, আশুগঞ্জে সংরক্ষিত এই জীপটি দেশের কৃষি, শিল্প ও অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ের স্মৃতিও বহন করছে। খাল খনন কর্মসূচি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার শিল্পের সম্প্রসারণের মতো বিভিন্ন উদ্যোগের সঙ্গে জিয়াউর রহমানের সময়কাল জড়িয়ে থাকায় গাড়িটিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও রয়েছে আগ্রহ ও ঐতিহাসিক কৌতূহল।
আশুগঞ্জ সার কারখানা ও সোনারামপুরের খাল খনন কর্মসূচির সঙ্গে জড়িত এই স্মৃতিবিজড়িত গাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হলে নতুন প্রজন্মের কাছে এটি দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক হিসেবে তুলে ধরা সম্ভব।