
দৃশ্যপট ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান , রায়গঞ্জ থানার সেকেন্ড অফিসার নীল কমল সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা নিয়মিতভাবে পুলিশের সঙ্গে রাত্রিকালীন টহল ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা গ্রামীণ জনপদের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদানের স্বীকৃতি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।”
থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রাম পুলিশ সদস্যদের এই আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
ঈদ উপহার পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং রায়গঞ্জ থানা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আগামী দিনগুলোতেও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।