
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সরকারি কলেজ গেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১০ তারিখের সর্বাত্মক অবরোধের সমর্থনে ব্যানার লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে দায়ী করে তাকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা। তবে পরীক্ষার কারণে গেট তালাবদ্ধ থাকায় নিষিদ্ধ ছাত্রলীগ এই ব্যানার লাগিয়েছে বলে দাবি অধ্যক্ষের।
জানা যায়, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জীবন শেখ ও সাধারণ সম্পাদক জিম আহমেদ আকাশের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ১০ তারিখের অবরোধের ব্যানার লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যান। এরপর তারা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন।
এ ঘটনার জন্য অধ্যক্ষ ড. মহীদুল হাসানকে দায়ী বিক্ষোভ করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাসহ নেতাকর্মীদের দাবি, অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগের যোগাযোগ আছে। তিনি কলেজে উপস্থিত থাকাকালীন কলেজ গেটে ব্যানারা টানানোর মতো দুঃসাহস দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা।
এ বিষয়ে অধ্যক্ষ ড. মহীদুল হাসান বলেন, ‘কলেজে বোর্ড পরীক্ষা থাকায় আমি আমার কক্ষে অবস্থান করছিলাম। পরীক্ষার কারণে কলেজের সবগুলো গেট বন্ধ ছিলো। এ অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ থেকে ৪ জন নেতাকর্মী কলেজের উত্তরদিকের গেটের নিচে তালা দিয়ে সেখানে ব্যানার লাগায় এবং ভিডিও করে তা ফেসবুকে ছেড়ে দেয়। ঘটনার পরপরই কলেজের এক কর্মচারীর মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেছি। এরপর ২৫ থেকে ৩০ জন ছাত্র এসে কলেজে বিক্ষোভ করে।’
তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ছাত্রলীগের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি অবান্তর।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।’