
সিরাজগঞ্জ প্রতিনিধি
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ, ট্রেনে আগুন দেওয়া এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, সিরাজগঞ্জ বাজার শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী ও কমলাপুর রেলওয়ে স্টেশনে হামলা এবং ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেল পরিবার উদ্বিগ্ন। রেলওয়ের নিরাপত্তা ও যাত্রীসেবার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। রেলওয়ে সম্পদ ও রেল পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা যাত্রীদের উদ্দেশে বলেন, ট্রেনে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে নিয়ম মেনে টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যাবে না। টিকিট পরিদর্শক (টিটি) টিকিট চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টিকিট পরীক্ষা করাই টিকিট পরিদর্শকদের দায়িত্ব। তাই যাত্রীদের রেলওয়ের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলী, রেল পরিবারের সভাপতি আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ বাজার শাখার এসএসএই (ওয়ে) আহসানুর রহমান, জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান, বাংলাদেশ রেলওয়ের সাবেক মাস্টার মো. গোলাম হোসেন মিয়া, মহিলা সম্পাদিকা এলিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম ছাকলাইন চঞ্চল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম, রেল কর্মচারী দলের কার্যকরী সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক সদস্য আশরাফুল ইসলামসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা।
পরে রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।