
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
উত্তেজনা, লড়াই আর শেষ মুহূর্তের রোমাঞ্চ- সবকিছুর পর টাইব্রেকারে বাজিমাত করেছে আলমডাঙ্গা উপজেলা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলমডাঙ্গা উপজেলা দল।
শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। নির্ধারিত সময়ের লড়াইয়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে একে অপরকে চাপে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় চুয়াডাঙ্গা পৌরসভাকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা।
এর মধ্য দিয়ে প্রায় দুই সপ্তাহের জমজমাট ফুটবল আয়োজনের পর্দা নামে। জেলার চার উপজেলা ও চার পৌরসভা-মোট আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এবারের টুর্নামেন্ট।
১৩ সেপ্টেম্বর পুরাতন স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনের পাশাপাশি ছিল থিম সং, নৃত্য ও ডিসপ্লে। তরুণদের মাঠমুখী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখার বার্তাও উঠে আসে উদ্বোধনী আয়োজনে।
ফাইনালের আগে আলমডাঙ্গা উপজেলা দলও পেরিয়েছে কঠিন পথ। দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে দামুড়হুদা উপজেলা দলকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তারা। অন্যদিকে প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গা পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় চুয়াডাঙ্গা পৌরসভা।
ফাইনাল শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। উপস্থিত ছিলেন সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
দীর্ঘ বিরতির পর পুরাতন স্টেডিয়ামে এমন বড় পরিসরের ফুটবল আয়োজন ঘিরে পুরো টুর্নামেন্টজুড়েই ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। আর ফাইনালের শেষ হাসি হাসল আলমডাঙ্গা-টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ৪-৩ জয়ে ঘরে তুলল জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা