
সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের পাল্লা ভারী হয়ে যাওয়ায় জুলাইয়ের গণআন্দোলন ও যুদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আওয়ামী লীগের অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণেই জুলাইয়ের যুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির এমন কোনো নেতা-কর্মী নেই, যিনি তাদের দ্বারা নির্যাতিত হননি।
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর তারা বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। এমনকি বিএনপির মা-বোনদেরও বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আওয়ামী লীগ একটি উগ্র বাহিনীতে পরিণত হয়েছিল। তারা অপরাধ করে এখন বিদেশে পালিয়ে গেছে। তাদের দেখা পাওয়া যায় না।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, “যারা দেশ ও রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অথচ তারেক রহমানের সরকারকে তারা খুব হুংকার দিচ্ছে। বাংলাদেশ বিএনপি এক হাতে এসব ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে।
তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছেন। দলের নেতা-কর্মীদের ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতার কথাও তিনি তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকেই ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।