
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৫ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং পুলিশিং কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া জেলার বিভিন্ন সার্কেলের সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ইউনিটের ইনচার্জরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভা শেষে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।