
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
গত ১৭ বছর জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, বিএনপি তাদের মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।
শুক্রবার (৭ আগস্ট) নেত্রকোনায় নিজ এলাকায় সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, “যারা গত ১৭ বছর হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বিএনপি তাদের মূল্যায়ন করছে।” তিনি আরও বলেন, বিএনপিতে কোনো দুর্নীতিবাজের স্থান নেই। দলের কোনো কর্মী ভুল করলে তার বিরুদ্ধেও সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আপনারা আমার কোনো কর্মী ভুল করলেও তার বিরুদ্ধে লিখবেন। বিএনপি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে।”
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিএম আব্দুল বারী ড্যানির এটি ছিল নিজ জেলা নেত্রকোনায় প্রথম সফর। সফরকে কেন্দ্র করে দিনব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
দুপুরে নিজ জেলা নেত্রকোনায় পৌঁছালে অপেক্ষমাণ নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড্যানি। পরে তিনি নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের সহধর্মিণীর জানাজার নামাজে অংশ নেন।
জানাজা শেষে তিনি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করেন। এরপর নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওয়ারেস উদ্দিন ফারাসের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
বিকেলে নিজের জন্মস্থান বারহাট্টা উপজেলায় যান এটিএম আব্দুল বারী ড্যানি। বারহাট্টা ফায়ার সার্ভিস মোড়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে তিনি নিজ গ্রামে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক দলীয় কর্মীকে দেখতে যান তিনি।
এ সময় তিনি বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা হিসেবে পরিচিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয় সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আউটসোর্সিং-সংক্রান্ত একটি সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। একই সঙ্গে বারহাট্টার দরিদ্র ও অসহায় মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ড্যানির দিনব্যাপী এই সফরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় স্বাস্থ্যসেবার সমস্যা সরেজমিনে পরিদর্শনের বিষয়টি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।