
ন্যাশনাল ডেস্ক
বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় ভূরিভোজ আয়োজন করেছেন মাদারীপুরের শিবপুর উপজেলার কাদিরপুর এলাকার সমর্থকরা। স্পেন প্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এক ঝাঁক স্পেন সমর্থক এই আয়োজন করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুটবল খেলার শুরু থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল বিশাল পতাকা টাঙানোসহ উন্মাদনায় মেতে উঠেন। স্পেন ফাইনালে অংশ নেওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেছেন।
বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন তারা। ১ লাখ ৯০ হাজার টাকা দামের মহিষের মাংস দিয়ে রাতে ভূরিভোজের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা।
স্থানীয় স্পেন সমর্থকেরা বলেন, ‘স্পেন ফাইনালে অংশ নেওয়ায় আমাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই আমরা স্পেন সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নেওয়া হয়েছে।’
আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, ‘স্পেন সমর্থক প্রবাসী ও আমরা যারা রয়েছি, সকলের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সকলে একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। এবং আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।’