
দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলী (৪৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আশরাফ আলী। উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের তেলিজানা (নিশ্চিত পুর)কবরস্থানে জানাজা সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আঃ রাজ্জাক রানাসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।