
ন্যাশনাল ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় ইটভাটার পাশ থেকে ৫ বছরের শিশু তওবার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বাবা গোলাপ হোসেনকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন তারও মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে তার বাবার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের কাছে বাবা গোলাপ হোসেন ও মেয়ে তওবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে শিশু তওবাকে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় কর্মরত নিজের বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে ফেরার পথে তারা হামলার শিকার হন।
শিশু তওবার নানি তাসলিমা জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা মনে করছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।