
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনজনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলায় এবং অপরজনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার মৃত শওকত আলীর শেখের ছেলে যুবলীগ কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুলিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে মো. আরমান (৩৩)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বুধবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসেম আলী বলেন, বুধবার ভোরে মহাসড়কে মিছিল করে যুবলীগ। রাতে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া যুবলীগ নেতা আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।