
রিয়াজুল হক সাগর, রংপুর ।
রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু ও নবদম্পতিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চাঁদকুঠি তেলীটারী সৎবাজার, আঠারোদোন ও বধুকমলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেওয়ারিশ কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর সময় একের পর এক মানুষকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে তিন শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, কুকুরটি এখনো এলাকায় ঘোরাফেরা করছে। ফলে নতুন করে হামলার আশঙ্কায় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে রাতের বেলা এবং ফজরের নামাজে মসজিদে যাওয়ার সময় কুকুরের উৎপাত নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেওয়ারিশ কুকুরের এমন আক্রমণের কারণে শিশু ও বয়স্কদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসী রংপুর সিটি করপোরেশনের প্রশাসক, সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।