
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শোবার ঘর থেকে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। আগের রাতেও স্বামীর সাথে নিলুফার বাকবিতণ্ডা হয়। এবং সকালে শোবার ঘর থেকে নিলুফার মরদেহে দেখতে পান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক।
মৃত নিলুফা ইয়াসমিন উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন গ্রামের বাসিন্দা নুর ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের নামার চর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে বিবাহ হয় নিলুফার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ও আলমগীরের বিয়ের প্রায় তিন বছর হলো। তাদের মধ্যে বিয়ের পর থেকে সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্থানীয়রা আরও জানান, গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।
এরপর বৃহস্পতিবার সকালে আলমগীর ও নিলুফার শোবার ঘরে বিছানায় নিলুফার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করেন। তবে ঘটনার পর থেকে নিলুফার স্বামী ও শাশুড়ীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।