
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সরকারি নথি ও মানচিত্রে এখনও রয়েছে সড়কটির অস্তিত্ব। কিন্তু বাস্তবে সেখানে এখন শুধু ধান ও বিভিন্ন ফসলের ক্ষেত। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর চাকিপাড়া থেকে সোনারাম দুক্কি মরা বটতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি গ্রামীণ কাঁচা সড়কের এক কিলোমিটার অংশ পুরোপুরি বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ভূমি মালিকেরা ধাপে ধাপে রাস্তার মাটি কেটে নিজেদের জমির সঙ্গে মিশিয়ে নিয়েছেন সরকারি এই সড়ক।
সরেজমিনে দেখা যায়, রুদ্রপুর চাকিপাড়া থেকে হাবিলাগাড়ি পর্যন্ত সড়কের আংশিক অস্তিত্ব থাকলেও হাবিলাগাড়ি থেকে দুক্কি মরা বটতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে রাস্তার কোনো চিহ্ন নেই। যেখানে একসময় মানুষ চলাচল করত, সেখানে এখন আবাদ করা হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি ছিল রুদ্রপুর চাকিপাড়া, বাঐখোলা, সোনারামপুর ও দেবরাজপুরসহ কয়েকটি গ্রামের মানুষের মূল সড়কে যাতায়াতের অন্যতম পথ। রাস্তা বিলীন হয়ে যাওয়ায় এখন এলাকাবাসীকে বিকল্প পথে কয়েক মাইল ঘুরে চলাচল করতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কৃষক ও সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিন মন্ডল বলেন, “আগে এই রাস্তা দিয়েই মানুষ হাটবাজার ও মূল সড়কে যাতায়াত করত। এখন রাস্তার জায়গা চাষের জমিতে পরিণত হয়েছে। মানুষকে বাধ্য হয়ে অন্যের জমির আইল দিয়ে চলতে হচ্ছে।”
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, “ধীরে ধীরে রাস্তার মাটি কেটে পাশের জমির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। এখন বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। কৃষিপণ্য আনা-নেওয়াতেও চরম ভোগান্তি হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। তাদের দাবি, বছরের পর বছর সরকারি সম্পত্তি দখল হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি সরকারি রাস্তা এভাবে বিলীন হয়ে যাওয়া প্রশাসনিক নজরদারির ঘাটতির বড় উদাহরণ। দ্রুত সড়কটি উদ্ধার ও পুনর্নির্মাণ না হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সংকটের মুখে পড়বে।
এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তা দখল করে ব্যক্তিগত জমিতে রূপান্তর করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। অভিযোগ তদন্ত করে সড়কের সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, “সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তা পুনরুদ্ধার করা প্রয়োজন।”
তবে এ বিষয়ে বক্তব্য জানতে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল খালেক পাটোয়ারীর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।