
নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২০ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার আরএস বাজারে বিএনপির আয়োজিত এক জনসভায় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে জামায়াতের উল্লাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন।
যোগদান শেষে কোবাদ হোসেন বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন, সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নেতৃত্ব, শিক্ষা, জনসেবা ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম (মিস্টার), উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, যুবদল নেতা সামিউল ইসলাম সামিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের প্রতি আস্থা রেখে কোবাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে ভবিষ্যতে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান।