
ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসানের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় র্যালিটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। এছাড়া ছিল গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ প্রদর্শনী ও শিশুদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকলের অংশগ্রহণে এ উৎসবকে প্রাণবন্ত করে তুলতে প্রশাসনের এ আয়োজন অব্যাহত থাকবে।
নববর্ষকে ঘিরে পুরো ভূঞাপুরজুড়ে ছিল উৎসবের আমেজ, যা দিনভর নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। ভূঞাপুর সাংস্কৃতি ঐক্যজোটের আয়োজনে ভূঞাপুর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ৩দিন ব্যপি আয়োজন করা হয়েছে বাংলা নর্ববর্ষের মেলা বা বৈশাখী মেলা।