
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে পাশাপাশি অবস্থিত দুই শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক শিক্ষকের স্ত্রী ও মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেদওয়ানুল হক জানান, বাড়ির জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা নগদ সাড়ে তিন লাখ টাকা, শিক্ষার্থীদের জমা রাখা টাকা, দুটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
অপর ভুক্তভোগী ধুবিল মেহমানশাহী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করে বাড়িতে চুরি করে। পরে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।