
সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করে। এ সময় পিতা-পুত্র দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান, পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।