
সিরাজগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ৫০০টি মশারি বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ব্র্যাকের উদ্যোগে মশারি হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি আগাম সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। ব্র্যাকের এ উদ্যোগ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় মশারি বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শাহাদাত হুসেইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. তমিজ উদ্দিন এবং জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ মানুষের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করাও জরুরি। জেলা প্রশাসন, ব্র্যাক ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।