
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ম্যানেজমেন্ট বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।
মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাতপরিচয় এক যুবক ধারালো অস্ত্র হাতে ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে ওই যুবক অনৈতিক উদ্দেশ্যে এগিয়ে গেলে ভুক্তভোগী শিক্ষার্থী বাধা দেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার ও প্রতিরোধের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে ওই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। ধস্তাধস্তির সময় ওই শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতের চিহ্ন দেখা যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বর্ণনা ও জবানবন্দির সঙ্গে আটক ব্যক্তির চেহারার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী মূল অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ছাত্রী মেস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে রয়েছে প্রশাসন। এ ছাড়া, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।