
অনলাইন ডেস্ক
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
রোববার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভা শেষে তিনি এ তথ্য জানান। এবার ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। আগামী ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষার ওয়েবসাইট চালুর পর আবেদনের নিয়ম, যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এরপর শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী ২ জানুয়ারিই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’
উল্লেখ্য, এবার কৃষি গুচ্ছের আওতায় ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার্থী ভর্তি করা হবে ৯টিতে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ও শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়।