
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি:
আড়াই শতাব্দীর ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতি প্রবেশ করেছে ডিজিটাল যুগে। সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রম আধুনিক ও স্বচ্ছ করতে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট, অনলাইন অটোমেশন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ।
রোববার সমিতির ১ নম্বর ভবনে ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। প্রথম ডিজিটাল ওকালতনামা ক্রয় করেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। এ সময় সহসভাপতি ও অনলাইন কার্যক্রম কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাসসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
নতুন সফটওয়্যারের মাধ্যমে ওকালতনামাসহ বিভিন্ন ফরম প্রস্তুত, প্রিন্ট, বিক্রয় ও হিসাব সংরক্ষণ করা যাবে। পাশাপাশি সদস্যদের চাঁদা, ফি, ভাড়া এবং অন্যান্য আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার সুবিধা যুক্ত হয়েছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সমিতির ২৪২ বছরের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন গ্রন্থাগারের দুর্লভ আইনবিষয়ক বই এবং আইনাঙ্গনের বরেণ্য ব্যক্তিদের তথ্য নিয়ে ডিজিটাল তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যশোরের আইনাঙ্গনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেডের কারিগরি সহযোগিতায় সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ উদ্যোগের মাধ্যমে সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও এ উদ্যোগ অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।