
আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাটসংলগ্ন দুর্গম ইসলামপুর চরের কাশবনে অভিযান চালিয়েছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। মাদক সেবন, জুয়া, পতিতাবৃত্তি ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগে গড়ে ওঠা কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি প্রায় অর্ধশত গ্রামপুলিশ সদস্য অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম ইসলামপুর চরের বিস্তীর্ণ কাশবনের আড়ালে চা-কফি শপের নামে দীর্ঘদিন ধরে মাদক সেবন, জুয়া ও কথিত অসামাজিক কর্মকাণ্ডের আসর বসানো হতো। সন্ধ্যার পর ডিজে পার্টি ও নৃত্যের আয়োজন করা হতো বলেও অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় কিছু যুবক জড়িত থাকার অভিযোগও করেন এলাকাবাসী।
স্থানীয়রা আরও জানান, দুর্গম চরাঞ্চল, বিস্তীর্ণ কাশবন ও যোগাযোগব্যবস্থা কঠিন হওয়ায় ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো কঠিন ছিল। স্কুলগামী শিক্ষার্থীদের একটি অংশ স্কুল ফাঁকি দিয়ে ওই এলাকায় যাতায়াত করত বলেও অভিযোগ রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানের পর স্থানীয় অভিভাবক ও সচেতন এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা দুর্গম চরাঞ্চলে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন ওই দুর্গম কাশবনে কফি খাওয়ার আড়ালে মূলত মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিনোদনের নামে পরিচালিত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হলে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।