
মো. সাকিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে অপহরণ করে আটকে রেখে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার, কথিত জোরপূর্বক সম্পাদিত দলিল বাতিল এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মিনহাজ উদ্দিন (৫২)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মিনহাজ উদ্দিন জানান, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম এলাকায় আরবান ক্লিনিকের পাশে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
তার অভিযোগ, একটি অ্যাম্বুলেন্সসহ গাড়িতে করে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়াগোলা এলাকায় পুলিশ সদস্য রাসেল আলীর বাড়ির দ্বিতীয় তলার একটি গোপন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
মিনহাজ উদ্দিন আরও অভিযোগ করেন, পরে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন তিন কাঠা জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়। এ ঘটনায় ৮০৪৯ নম্বর দলিলটি জোরপূর্বক সম্পাদন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর বিষয়টি নিয়ে কথা বললে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে মিনহাজ উদ্দিন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, কথিত জোরপূর্বক সম্পাদিত ৮০৪৯ নম্বর দলিল বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।