
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দর্শনা পৌর বিএনপির শীর্ষ নেতৃত্বে নতুন মুখ নিয়ে আলোচনা চলছে নেতা–কর্মীদের মধ্যে। নেতৃত্ব বাছাইয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার বিষয়টিও সামনে আসছে। গত শুক্রবার মরহুম শওকত আলী খন্দকারের স্মরণ সভায় বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শিগগিরই দর্শনা পৌর বিএনপি’র নতুন কমিটি দেওয়া হবে। তবে কবে কমিটি হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় নেতাকর্মীদের একটি সূত্রের আভাস, দর্শনা পৌরসভায় মাহবুব- উল ইসলাম খোকনকে সভাপতি করে নতুন কমিটি গঠনের পক্ষে রাজনৈতিক অঙ্গনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়ভাবে দর্শনা পৌর সভাপতি হিসেবে মাহবুব- উল ইসলাম খোকনকে বিবেচনায় রাখার পক্ষে রয়েছেন অনেকে। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে দলীয় প্রার্থী বাছাইয়ে তাঁর নাম গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন দলীয় কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছেন মাহবুব- উল ইসলাম খোকন। বর্তমানে তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমর্থকেরা বলছেন,দলীয় সিদ্ধান্তে মাহবুব- উল ইসলাম খোকনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমন্বয় তৈরি এবং দলীয় সাংগঠনিক শক্তি নির্বাচনী কার্যক্রমে কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। দর্শনা পৌর বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে আরও কারও নাম আলোচনায় থাকলে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তৃণমূলের মতামত, সাংগঠনিক বাস্তবতা, রাজনৈতিক অবস্থান এবং স্থানীয় নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করেই নতুন কমিটি গঠন করা হবে।
বিএনপি–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন কমিটিতে স্বচ্ছ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ব্যক্তিদের রাখার চিন্তা রয়েছে। হাইব্রিড কেউ যাতে কমিটিতে ঢুকতে না পারেন, তা দেখতে হবে। ওয়ার্ড ও থানায় দুর্দিনে যাঁরা সক্রিয় ছিলেন, প্রয়োজনে তাঁদের খুঁজে এনে দর্শনা পৌর কমিটিতে জায়গা দিতে হবে। তবে কমিটি গুছিয়ে আনতে কত দিন লাগতে পারে, এ বিষয়ে ধারণা দিতে পারেনি সূত্রগুলো
এ বিষয়ে মাহবুব- উল ইসলাম খোকন বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। দর্শনা পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পেলে নেতা–কর্মীদের একটি পরিবারের মধ্যে নিয়ে এসে কোনো বিভাজন নয়, দল-মত নির্বিশেষে পৌরবাসীর জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।