
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি মো. সিরাজুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। সিরাজুল ধামদী এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়ভাবে সিরাজুলকে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে অভিহিত করা হয়। তাঁর বিরুদ্ধে অনলাইন জুয়ার মাধ্যমে অনেককে সর্বস্বান্ত করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, সিরাজুল ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি। তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন বলে পুলিশের তথ্য রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, অনলাইন জুয়া, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে।